পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০০:২১
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ শহরে তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ সময় পাম্প শ্রমিকদের হামলায় নিরব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নিয়েছে।
নিহতের বন্ধুরা জানান, শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে রাতে মোটরসাইকেলে তেল নিতে যান নিরব হোসেন ও তার এক বন্ধু। তখন পাম্প শ্রমিকরা জানিয়েছিলেন, তেল নেই, পাম্প বন্ধ। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তারা ফেরার সময় দেখেন ওই পাম্পে বোতলে তেল দেওয়া হচ্ছে। তখন তারা শ্রমিকদের বলেন, “আপনারা আমাদের তেল দিলেন না, এখন আবার বোতলে বিক্রি করছেন।” এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পাম্প শ্রমিকরা নিরব হোসেনকে মারধর করেন। তিনি বাড়ি ফিরে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন বলেন, হাসপাতালে আসার কয়েক মিনিটের মধ্যেই নিরবের মৃত্যু হয়। তার শরীরে (কান ও মাথায়) আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে।
পাম্প মালিক হারুন অর রশিদ বলেন, “আমি ঢাকায় আছি। পাম্পে একটি ঘটনা ঘটেছে, বিষয়টি জানতে পেরেছি। তবে কি নিয়ে ঘটনা তা জানতে পারিনি।”
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, “তেল নিতে আসার সময় পাম্পের লোকদের সঙ্গে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর যুবক হাসপাতালে যাওয়ার পর মারা যান। এই ঘটনার পর পাম্পের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বাকিটা তদন্ত শেষে বলা যাবে।”
এএস/

