Logo

সারাদেশ

ঋণের টাকায় গিয়েছিলেন মালদ্বীপে, সিলিন্ডার বিস্ফোরণে নিহত চরফ্যাশনের রবিন

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ২০:২৩

ঋণের টাকায় গিয়েছিলেন মালদ্বীপে, সিলিন্ডার বিস্ফোরণে নিহত চরফ্যাশনের রবিন

জীবিকার তাগিদে ব্যাংক ঋণ ও ধার করা অর্থে প্রায় দুই বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন রবিন মোল্লা। স্বপ্ন ছিল কঠোর পরিশ্রম করে পরিবারের ঋণ পরিশোধের পর বাড়ি নির্মাণ ও বিয়ে করার। কিন্তু ভয়াবহ এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিভে গেল তার সব স্বপ্ন।

মালদ্বীপে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ভোলার চরফ্যাশন উপজেলার প্রবাসী যুবক রবিন মোল্লার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রবিন মোল্লা উপজেলার খোদেজাবাগ ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি মো. সিরাজ মোল্লা ও আরজু বেগমের ছেলে।

স্বজনদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়েন রবিন। রাত প্রায় ২টার দিকে তাদের কক্ষে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে রবিন মোল্লাসহ রুমে থাকা আরও চারজন ঘটনাস্থলেই নিহত হন।

প্রতিবেশী ও স্বজনরা জানান, ব্যাংক ঋণ ও ধার করা টাকায় প্রবাসে গিয়েছিলেন রবিন। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলছিল তার পরিবার। ঋণ পরিশোধ করে দেশে ফিরে একটি ঘর নির্মাণ ও বিয়ে করার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু মর্মান্তিক এ দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে গেল তার সব স্বপ্ন।

রবিনের মৃত্যুর খবর শুনে পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহতের পরিবার দ্রুত সময়ের মধ্যে রবিন মোল্লার মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

স্বজনরা জানান, শনিবার মরদেহ দেশে আনার প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। সরকারের সহযোগিতা পেলে দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে আনা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, বিষয়টি আমরা শুনেছি। যেহেতু ঘটনাটি বিদেশে ঘটেছে, তাই জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মো.ফাহিম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর