চট্টগ্রামের টেরিবাজারে আগুন: ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুইজনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:৫৭
চট্টগ্রাম নগরীর ব্যস্ত টেরিবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও সোলায়মান (২৮)। তারা উভয়েই চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ফলে সৃষ্ট ঘন ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেরিবাজারের বক্সির বিট এলাকার অর্কিড প্লাজা নামের ১২তলা ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ভবনের চতুর্থ তলায় থাকা টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ অন্তত সাতটি দোকান পুড়ে যায়। ভবনটির বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং ও কাপড়ের ব্যবসা পরিচালিত হতো, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুন লাগার পর সৃষ্ট ধোঁয়ায় তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠ তলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

