Logo

সারাদেশ

ঈদের আনন্দে বিষাদের ছায়া: ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ২১:০৫

ঈদের আনন্দে বিষাদের ছায়া: ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়। ছবি: সংগৃহীত

ঈদের দিনের আনন্দঘন পরিবেশকে ম্লান করে দিয়ে দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ময়মনসিংহে দুজন, চট্টগ্রামের পটিয়া ও মিরসরাইয়ে দুজন এবং নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও মাদারীপুরে একজন করে রয়েছেন।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (২০) ও রিতি আক্তার (৮) নিহত হন। দুপুর একটার দিকে শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কের শিমুলিয়া ভান্ডারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন, যাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস মহাসড়কের ভাটিখাইন এলাকায় একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যাত্রী নিহত এবং অন্তত ১৮ জন আহত হন। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

একই জেলার মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে চালক এনামুল হক (আইয়ুব) নিহত হন। শনিবার সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বী মোল্যা (২০) নিহত হয়েছেন। বিকেল তিনটার দিকে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের ধোন্দা কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে সুরুজ আলী (১৯) নিহত ও হৃদয় হোসেন (১৮) আহত হন। দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে সুরুজের মৃত্যু হয়।

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিহাদ শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃষ্টিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ফুপাতো ভাই রনি মিয়া (১৭) আহত হয়েছেন।

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শাহাদাত খলিফা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বিকেল তিনটার দিকে কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদের দিনে সড়কে বাড়তি যানবাহন ও অসতর্ক চালনার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর