Logo

সারাদেশ

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ২১:০০

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার দুপুরে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির এটিই প্রথম নিজ জেলা সফর, যা নিয়ে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

হেলিপ্যাডে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এছাড়া পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি সরাসরি পাবনা সার্কিট হাউজে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং শহরজুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, রোববার বেলা ১১টা ১০ মিনিটে রাষ্ট্রপতি পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যা ৭টায় তিনি পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এরপর রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন। সফরের তৃতীয় দিন সোমবার সকাল ১১টায় রাষ্ট্রপতি সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। ওইদিন সন্ধ্যা ৭টায় তিনি পাবনা শহরের জুবলী ট্যাংক এলাকায় তাঁর নিজ বাসভবনে যাবেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে একান্ত সময় কাটাবেন। রাত ৯টায় তিনি পুনরায় সার্কিট হাউজে ফিরে আসবেন। সফরের শেষ দিন মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে পুনরায় গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন