Logo

সারাদেশ

জ্বালানি নিয়ে উদ্বেগের কিছু নেই রেলওয়ে পূর্বাঞ্চলের আশ্বাস

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ২১:০৯

জ্বালানি নিয়ে উদ্বেগের কিছু নেই   রেলওয়ে পূর্বাঞ্চলের আশ্বাস

রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেন চলাচল নিয়ে জ্বালানি সংকটের যে শঙ্কা তৈরি হয়েছে, তা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং ট্রেন চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে।

রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন গড়ে প্রায় ২৯ জোড়া আন্তনগর ট্রেনের পাশাপাশি কমিউটার ও মেইল ট্রেনসহ আরও প্রায় ৩০ জোড়া ট্রেন চলাচল করে। এসব ট্রেন পরিচালনায় প্রতি মাসে প্রায় ২৫ লাখ লিটার হাইস্পিড ডিজেল প্রয়োজন হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে মজুদ থাকা জ্বালানি দিয়ে প্রায় ১৫ থেকে ১৬ দিনের ট্রেন পরিচালনা নিশ্চিত করা সম্ভব। যদিও সাম্প্রতিক সময়ে মজুদের পরিমাণ কিছুটা কমেছে, তবুও নিয়মিত সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে এবং বিপিসিসহ সংশ্লিষ্ট তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত আছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি অনিশ্চয়তার কারণে কিছুটা উদ্বেগ তৈরি হলেও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থা হিসেবে রেলে কোনো ধরনের সেবা বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আরও বলেন, জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত জ্বালানি পাওয়া যাচ্ছে। ফলে ট্রেন চলাচল ও যাত্রীসেবা স্বাভাবিক রাখার বিষয়ে তারা আশাবাদী।

সব মিলিয়ে রেল কর্তৃপক্ষের দাবি, জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পূর্বাঞ্চলে ট্রেন চলাচল নিরবচ্ছিন্নভাবেই চলবে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন