Logo

সারাদেশ

সব প্রস্তুতি সম্পন্ন

রাত পোহালেই বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৮

রাত পোহালেই বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন

রাত পোহালেই বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন। নির্বাচনকে ঘিরে গতকাল সকাল থেকে জেলাজুড়ে ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে বুধবার সকাল ১১টা থেকে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। 

আজ সকাল থেকে বগুড়া সদর উপজেলার ১৫০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

জানা যায়, বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলায় মোট ভোটকক্ষ রয়েছে ৮৩৫টি। এর মধ্যে স্থায়ী ৭৮৭টি আর অস্থায়ী ৪৮টি। এরআগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দুটি আসনে নির্বাচিত হওয়ায় বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং এই উপনির্বাচনের আয়োজন করা হয়। উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল জানান, নির্বাচনী মাঠে ২জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ২ হাজার ৬৫৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা, ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‌্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম জানান, এবারের নির্বাচনে বাড়তি সতর্কতার অংশ হিসেবে সবকটি কেন্দ্রেই প্রযুক্তিগত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বুধবার সকাল থেকে আমরা ব্যালট পেপারসহ সব ধরনের সামগ্রী বিতরণ শুরু করেছি। এ পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন