Logo

সারাদেশ

এমপি মান্নান

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে অত্যাধুনিক হাসপাতাল

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২০:০৭

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে অত্যাধুনিক হাসপাতাল

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের মডেল হাসপাতালে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রোগীদের চিকিৎসাসেবা প্রদানে কোনো ধরনের অবহেলা বা ত্রুটি সহ্য করা হবে না।

বুধবার দুপুরে ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের পুরনো স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে এমপি মান্নান বলেন, বিগত বছরগুলোতে এই হাসপাতালের অব্যবস্থাপনা সোনারগাঁবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে। এমনকি আমার আপন ভাইও এই হাসপাতাল থেকে সঠিক সময়ে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছেন। সেই বেদনাদায়ক স্মৃতি আমি আজও বয়ে বেড়াচ্ছি। আমি চাই না আর কোনো পরিবার এভাবে স্বজন হারাক।

জরুরি ওষুধের সংকটের কথা শুনে তাৎক্ষণিক ব্যক্তিগত উদ্যোগে ওষুধ নিয়ে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে ওষুধের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি আর হতে দেওয়া হবে না। আমরা চাই সোনারগাঁয়ের মানুষকে যেন সাধারণ চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে না হয়। নিজ এলাকাতেই যেন তারা ২৪ ঘণ্টা মানসম্মত সেবা পান, সেই লক্ষ্যেই কাজ করছি।


তিনি আরও জানান, হাসপাতালের অবকাঠামোগত সংস্কার, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জোরালো সুপারিশ করা হয়েছে। খুব দ্রুতই এসব উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে সেবা নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব মিয়া।

এছাড়াও আতাউর রহমান প্রধান, সেলিম হোসেন দিপু, সাদিকুর রহমান সেন্টু, হারুন অর রশিদ মিঠু, রুবেল হোসাইন ও কাউসার আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন