পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২০:৪৭
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ এপ্রিল রাত ৮টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোলাবারুদ পরিবহনে দুইটি মোটর সাইকেল জব্দ করা হয়।
শনিবার সকালে প্রেসব্রিফিং এ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহআলম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে। গত ১০এপ্রিল আনুমানিক রাত ৮ ঘটিকায় সীমান্ত সড়ক দিয়ে ০২টি মোটরসাইকেল যোগে সন্দেহভাজন ০৪ জন মোটরসাইকেল আরোহী যাওয়ার সময় টহল কমান্ডারের নির্দেশে টহলদল দ্রুত সীমান্ত সড়কে উপনীত হয় এবং টহল কমান্ডার তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে বিচ্ছিন্নভাবে পাহাড়ের বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল এলাকা তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ০২টি মোটরসাইকেল ও ৭.৬২ মিঃ মিঃ এসএমজি’র ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।
এসময় তিনি আরও বলেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিকে/মান্নান

