মানিকগঞ্জে হাম রোগের প্রাদুর্ভাব , ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ শিশু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২১:৩৩
মানিকগঞ্জ জেলায় হাম রোগে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। শনিবার পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট ৩৯ জন রোগী ভর্তি রয়েছে। এখনো পর্যন্ত এ বছর হাম রোগের উপসর্গ দেখা দিয়েছে ১৫৪ জনের।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মোট ৬ জন হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল। এর মধ্যে এখনো চিকিৎসাধীন রয়েছে ৩ জন।
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জন এবং চলতি বছরে মোট ৩০ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ২৬ জন।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫ জন ভর্তি হয়েছে। এ বছরে মোট ২১ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯ জন।
অন্যদিকে, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ১ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এ বছরে সেখানে মোট ১ জনই আক্রান্ত হয়েছে এবং বর্তমানে সেই ১ জনই চিকিৎসাধীন রয়েছে।
জেলার স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাম রোগের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের টিকাদান নিশ্চিত করা জরুরি। অভিভাবকদের সন্তানদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবং জেলায় পর্যাপ্ত পরিমাণ হামের টিকা রয়েছে ।
বিকে/মান্নান

