Logo

সারাদেশ

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:৪৩

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। সম্রাট বিশ্বাসের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান।

পুলিশ সুপার বলেন, আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহমেদ মাঈনুল হাসান বলেন, সম্রাট বিশ্বাস একজন ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন।

পুলিশ সুপার আরো বলেন, নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনেরা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন