উদ্ধার করল বন বিভাগ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ছিল বিরল লজ্জাবতী বানর
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:২০
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাইয়ে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকা থেকে এটিকে উদ্ধার করা হয়। বানরটির আনুমানিক বয়স দুই বছর। এটি ওই এলাকার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে ছিল।
বন বিভাগ জানায়, বাংলাদেশ বন্য প্রাণী ও সাপ উদ্ধারকারী দলের সদস্য কলাবাগান এলাকার যুবক ইমরান হোসেন প্রথমে বানরটিকে উদ্ধার করেন। এরপর তিনি বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় বানরটিকে নিয়ে আসে। এরপর প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে এটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইকো পার্কের পাশের জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ কাপ্তাইয়ের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এটি এখন সুস্থ রয়েছে। বানরটি পুরুষ প্রজাতির। পরে এটিকে রাঙ্গুনিয়ার জঙ্গলে ছাড়া হয়েছে।
লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম ‘Nycticebus bengalensis’। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইইউসিএনের লাল তালিকায় এ প্রজাতিকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিশাচর এই প্রাণী সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনাঞ্চলে দেখা যায়।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি বলেন, রাতে খবর পাওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তার নির্দেশে আমি রাতে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে রাতেই বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি।
তিনি আরো বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি ‘বেঙ্গল স্লো লরিস’ প্রজাতির। সমগ্র রাঙামাটিতে হাতে গোনা চার থেকে পাঁচটি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।
বাংলাদেশের খবর/আরইউ

