নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২০:৪৯
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গুদাম ও স’ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ফতুল্লার কায়েমপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবরে আশপাশের হাজার হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে। ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, ছোট একটি জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরটি তালাবদ্ধ থাকায় শুরুতে আগুন নেভানো যায়নি। পরে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এখানে ১৫টি ঝুটের গোডাউন ছিল। আমার
তিনটি দোকানসহ সব মিলিয়ে প্রায় ২০টি দোকান পুড়েছে। ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে প্রথমে নারায়ণগঞ্জ সদর থেকে চারটি ইউনিট পাঠাই। আগুনের ভয়াবহতা দেখে আরও চারটি ইউনিট যুক্ত হয়। চারদিক থেকে সমন্বিত চেষ্টা চালিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জেনেছি। এখানে ১৫ থেকে ২০টি দোকান ছিল। দোকানগুলি সব পুড়ে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সর্বো”চ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কোনো প্রাণহানি বা আহতের খবর পাইনি।
বিকে/মান্নান

