Logo

সারাদেশ

হঠাৎ বন্ধ সংযোগ সড়ক

লালমনিরহাটে দুর্ভোগে বিএনপি কলোনির বাসিন্দারা

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২০:৫২

লালমনিরহাটে দুর্ভোগে বিএনপি কলোনির বাসিন্দারা

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংলগ্ন বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ সড়কটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে দৈনন্দিন যাতায়াতে মারাত্মক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় কলোনির বাসিন্দাদের এখন মডেল মসজিদ, জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেতে প্রায় এক কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। এতে বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ও সাধারণ কর্মজীবী মানুষের কষ্ট বেড়েছে।

জানা যায়, ২০০১ সালে লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা বিএনপি কলোনির বাসিন্দারা প্রায় ২৫ বছর ধরে শিশু পার্কের পশ্চিম পাশের এই সড়কটি ব্যবহার করে আসছিলেন। শনিবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ পরিত্যক্ত রেললাইনের পাত বসিয়ে হঠাৎ করেই সড়কটি বন্ধ করে দেয়।

এই সড়কটি দিয়ে বিএনপি কলোনির বাসিন্দাদের পাশাপাশি সরকারি শিশু পরিবারের শিক্ষার্থী এবং বত্রিশহাজারী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা নিয়মিত যাতায়াত করতেন।

স্থানীয় বাসিন্দা রমজান আলী ও সাইদ মিয়া অভিযোগ করে বলেন, একাধিকবার অনুরোধ করা হলেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি। অপর বাসিন্দা শফিয়ার রহমান জানান, অন্তত একটি সরু পথ খোলা রাখার আবেদন জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের এক কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সড়কটি বন্ধ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, পূর্বে এই পথটি বন্ধ ছিল এবং বর্তমানে তারা কেবল দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে সচেতন মহলের প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি জনসাধারণের পথ হঠাৎ বন্ধ করে দেওয়া অনভিপ্রেত। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এবং দ্রুত মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি সমাধানের দাবি জানান তিনি।

এদিকে, লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমদ খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন