Logo

সারাদেশ

কলেজ শিক্ষার্থীকে লিফটের গর্তে ফেলে হত্যা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২০:০৬

কলেজ শিক্ষার্থীকে লিফটের গর্তে ফেলে হত্যা

চট্টগ্রাম নগরে নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক দাস (২০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি আনোয়ারা উপজেলার কৈনপুরা গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

নিহত সাজিদ চট্টগ্রাম নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। পড়াশোনার জন্য তিনি নগরের বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তদন্তে জানা গেছে, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে সাজিদের সঙ্গে তার বন্ধু ফারদিন হাসান এবং স্থানীয় কয়েকজন কিশোরের বিরোধ তৈরি হয়। গত ১২ এপ্রিল বিকেলে ফারদিনের সঙ্গে দেখা করতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে মারধর করে। একপর্যায়ে তাকে ভবনের অষ্টম তলার লিফটের খালি গর্তে ফেলে দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার অনিক দাসকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন