Logo

সারাদেশ

রংপুরে ‎ভ্যাট কমিশনারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২০:২৯

রংপুরে ‎ভ্যাট কমিশনারকে  ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ। রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদে সরব হয়ে উঠেছে রংপুরের সাংবাদিক সমাজ।  রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক গত বৃহস্পতিবার  রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে অসৌজন্যমূলক আচরণের শিকার হন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ সফিউর রহমান-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

‎ রোববার ২৬ এপ্রিল দুপুর ১২ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এবং রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী বাদল। সঞ্চালনা করেন আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী।মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অসৌজন্যমূলক আচরণ শুধু নিন্দনীয়ই নয়, বরং তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত। তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করেন তাদের প্রতি অসম্মানজনক আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনাটি সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে সাংবাদিকদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন