গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩৬
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. মিজান (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), সুলতান (২৩), শাহজালাল (৪৫), মো. জয় (২০) এবং রাজু (২৪)।
দগ্ধদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন জানান, সোমবার (১১ নভেম্বর) রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।
এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘সোনারগাঁও কাঁচপুর থেকে ৭ জন দগ্ধ হয়ে আমাদের ভর্তি হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এআইবি/এমআই

