Logo

সারাদেশ

শ্রীপুরে অসহায় এক বৃদ্ধ পিতার আর্তনাদ

Icon

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২০:৩৮

শ্রীপুরে অসহায় এক বৃদ্ধ  পিতার আর্তনাদ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতাকে পরিত্যক্ত ঘরে আটকে রেখে নির্যাতন ও কৌশলে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার বাঁশবাড়ি দক্ষিণ পাড়া এলাকায় ঘটেছে।

ভুক্তভোগী জমসের আলী জানান, তিনি একসময় কৃষিকাজ করে সংসার গড়ে তুলেছিলেন। তবে কয়েক বছর আগে দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার পর থেকে তিনি চলাফেরায় অক্ষম হয়ে পড়েন। এই অবস্থার সুযোগ নিয়ে তার একমাত্র ছেলে সালাম ও পুত্রবধূ মর্জিনা চাপ প্রয়োগ করে তার প্রায় ১৮ শতাংশ জমি নিজেদের নামে লিখে নেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্পত্তি হস্তান্তরের পর থেকেই শুরু হয় তার প্রতি অবহেলা ও নির্যাতন। প্রায় দুই বছর ধরে তাকে একটি জরাজীর্ণ মাটির ঘরে রাখা হয়, যেখানে নেই বিদ্যুৎ কিংবা ন্যূনতম বসবাসের পরিবেশ। ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি ঢুকে ভেতর ভিজে যেত, যা তার কষ্ট আরও বাড়িয়ে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে পর্যাপ্ত খাবার দেওয়া হয়নি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সুযোগ থেকেও বঞ্চিত রাখা হয়েছে। ফলে তার শরীরে দুর্গন্ধ ও বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। কেউ মানবিক সহায়তা দিতে এগিয়ে এলে পুত্রবধূ বাধা দিতেন বলেও অভিযোগ রয়েছে। 

এদিকে, বৃদ্ধের স্ত্রী হালিমা খাতুনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতির আশঙ্কায় বৃদ্ধকে পরিত্যক্ত মাটির ঘর থেকে টিনের ঘরে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী জমসের আলী বলেন, “আমার সহায়-সম্পত্তি সব লিখে নিল তারা। এখন কেন আমাকে স্বাভাবিকভাবে বাঁচতে দিচ্ছে না? আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।” স্থানীয় ইউপি সদস্য ইয়ার উদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি ছেলে ও পুত্রবধূর সঙ্গে কথা বলব। তারা যদি ভরণপোষণের ব্যবস্থা না করে, তাহলে আমি নিজে বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেব।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া বলেন,“বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীর নিরাপত্তা ও ভরণপোষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে।

বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন