Logo

সারাদেশ

নওগাঁয় রাস্তা নির্মাণে অনিয়ম কাজ বন্ধ করল এলাকাবাসী

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২১:৩১

নওগাঁয় রাস্তা নির্মাণে অনিয়ম  কাজ বন্ধ করল এলাকাবাসী

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এলজিইডির কয়েক লক্ষ টাকা ব্যয়ের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৭০০ ফিট দীর্ঘ এই রাস্তায় ১ নম্বর ইটের পরিবর্তে ৩ নম্বর ও অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসীর দাবি, এই রাস্তায় এর আগে কখনো সলিং হয়নি; তাই প্রথম কাজেই এমন দুর্নীতি তারা মেনে নেবেন না।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাস্তার জন্য আনা ইটগুলো অত্যন্ত নিম্নমানের এবং ভঙ্গুর। নিয়ম অনুযায়ী ১ নম্বর ইটের সলিং হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রভাব খাটিয়ে ৩ নম্বর ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা জানান, বালুর স্তর ঠিকমতো না দিয়েই নামমাত্র সলিং করার পাঁয়তারা চলছিল। কাজ চলাকালে এলজিইডির তদারকি কর্মকর্তাদেরও পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা সমবেত হয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, “সরকারের কয়েক লক্ষ টাকার এই কাজে ঠিকাদার লুটপাট করছে। আমরা জানিয়ে দিয়েছি, এই ৩ নম্বর ইট সরিয়ে ১ নম্বর ইট না আনা পর্যন্ত কাজ শুরু করতে দেব না।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উত্তম-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাজ বন্ধ রেখে তারা সটকে পড়ায় কাউকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী (খএঊউ) মো. রইসুল আরেফিন জানান, “৩ নম্বর ইট ব্যবহারের সুযোগ নেই। আমরা তদন্ত করছি, নিম্নমানের ইট প্রমাণিত হলে তা তুলে ফেলার নির্দেশ দেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোর্শেদা খানম বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনিয়মের কথা জেনেছি। বিষয়টি সরেজমিনে পরিদর্শনের জন্য একজন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে। অভিযোগ সত্য হলে অবশ্যই ১ নম্বর ইট ব্যবহার করে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

বর্তমানে এলাকার ২ নম্বর ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে এবং এলাকাবাসী তাদের দাবিতে অনড় রয়েছেন।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন