ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। নারীদের বয়স ৪০ থেকে ৬০ এবং পুরুষের বয়স আনুমানিক ৩৭ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে বালুবোঝাই ট্রাকটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা, সড়কে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী মারা যান।
এ সময় ট্রাকের চালক ও তার সহকারীসহ তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, ‘হাসপাতালে গুরুতর আহত অবস্থায় এক পুরুষ ও এক নারীকে নিয়ে আসা হয়। এর মধ্যে পুরুষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ওই নারী হাসপাতালে ভর্তি আছেন।’
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘এ পর্যন্ত মোট তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশের খবর/এইচআর

