তারাগঞ্জে তেল মজুদের দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬, ২০:০৯
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে প্লাস্টিকের জেরিক্যানে তেল মজুদ করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেট্রোল আইন ২০১৬-এর ৮ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার উপজেলার মেসার্স আর বি ফিলিং স্টেশনে
এ অভিযান চালানো হয়। অভিযানে ১২০ লিটার তেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির
ম্যানেজার মোযাহারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। এ সময় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন
করেন মামুন রশিদ। অভিযান চলাকালে জব্দ করা ১২০ লিটার তেল তাৎক্ষণিকভাবে বিক্রি করে
প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলে জানা গেছে।
ইউএনও মোনাব্বর হোসেন বলেন, অবৈধভাবে তেল
মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা বেশি দামে বিক্রির চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত বাজার
মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।
বাংলাদেশের খবর/ এম.আর

