নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৭ দালালের কারাদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬, ২০:৫৮
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসক মো: রায়হান কবিরের নির্দেশনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।
আটকরা হলো বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, আটক ৭ জনের মধ্যে চারজনকে ১০ দিন এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। এ সময় র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপ¯ি’ত ছিলেন।
বিকে/মান্নান

