Logo

সারাদেশ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

Icon

আকরামুজজামান আরিফ কুষ্টিয়া

প্রকাশ: ০৭ মে ২০২৬, ২১:০৪

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  ১৬৫তম জন্মজয়ন্তী

আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি। তাইতো কবির স্মৃতিধন্য কুঠিবাড়িতে এখন সাজ সাজ রব। জাতীয়ভাবে তিনদিন ব্যাপী নানা আয়োজনে থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে  পড়ন্ত বৈশাখের উৎসবে কুঠিবাড়ি সেজেছে অনন্য সাজে। সেই সাথে গ্রামীণ মেলা বাড়িয়েছে বাড়তি আকর্ষণ। 

বাহারি পণ্য দিয়ে দোকান সাজিয়েছেন দোকানিরা। কবি ভক্ত ও দর্শনার্থীরা শিলাইদহের কুঠিবাড়িতে ঘুরতে এসে খুঁজে পান কবিগুরুকে। অনুভব হয় তাঁর স্পর্শে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির সঙ্গে মিশে আছে শিলাইদহ কুঠিবাড়ি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদী ঘেঁষে এই ঐতিহাসিক স্থানটি স্বগর্বে দাঁড়িয়ে আছে। জেলা শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে এটি অবস্থিত। স্থানটি প্রায় ১১ একর জায়গার ওপর দাঁড়িয়ে। গ্রামীণ ও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এই পর্যটনস্থল দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো দর্শনার্থীর আগমনে দিনভর মুখর থাকে। পদ্মাতীরের ছায়াশীতল নিরিবিলি পরিবেশের কারণেই বিশ্বকবি বারবার এখানে ফিরে এসেছেন। এখানে বসেই কবি রচনা করেছেন কালজয়ী সব কাব্যগ্রন্থ,ছোট গল্প,নাটক ও উপন্যাস। যে গীতাঞ্জলি কাব্য রচনা করে কবি নোবেল জয় করেছিলেন,সেই কাব্যের অনেকটাই তিনি রচনা করেছিলেন শিলাইদহের কুঠিবাড়িতে বসে। বহু প্রতিভার অধিকারী এই কবি তার আপন আলোয় উদ্ভাসিত হয়ে বাংলা সাহিত্য-সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে। পেয়েছিলেন বিশ্বকবির সম্মান। প্রতিবারই কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে বিশেষ আয়োজন থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। জন্মজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতির সকল কর্মকান্ড তদারকি করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় েেচৗধুরী। নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি চলমান রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জানা গেছে,কুঠিবাড়িতে ২৫শে বৈশাখ কবির জন্মজয়ন্তী বিশেষ আয়োজনে পালন করা হয়। ঐদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও দর্শনার্থীদের পদভারে মুখরিত থাকে কুঠিবাড়ির আঙ্গিনা। এবছর কুঠিবাড়ি চত্বরে স্থায়ীভাবে নির্মিত মঞ্চে কবিগুরুর গান, কবিতাও শিল্প-সাহিত্যের আলোচনায় মুগ্ধতা ছড়াবেন সাহিত্য সমালোচক ও দেশবিদেশের বরেণ্য রবীন্দ্র শিল্পীবৃন্দ। রবীন্দ্র সাহিত্য ও সুরের মূর্ছনায় সাহিত্য ও ব্যক্তি জীবনের অনুপ্রেরণা পাবেন এমন ধারণা ভক্ত অনুরাগীদের। 

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল-আমিন  বাংলাদেশের খবর   পত্রিকাকে জানান,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা এবং কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজন কুঠিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। শিলাইদহ কুঠিবাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। আয়োজন সফল করতে কোন ঘাটতি নেই।

বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন