Logo

সারাদেশ

পতিসরে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উদ্যাপিত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ২০:৫১

পতিসরে রবীন্দ্রনাথের ১৬৫তম  জন্মজয়ন্তী উদ্যাপিত

নওগাঁর আত্রাই উপজেলার পতিসর- রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত সেই চিরচেনা গ্রাম আজ আবার প্রাণোচ্ছল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে পতিসর কাচারি বাড়ি প্রাঙ্গণে বসেছিল মিলনমেলা। সুর, বাণী আর স্মৃতির আবহে কবিগুরুকে স্মরণ করলেন হাজারো ভক্ত ও অনুরাগী।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশন এবং রঙিন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী  ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনের পর পতিসর কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মো: হারুন অর রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, “পতিসরই ছিল রবীন্দ্রনাথের পল্লী উন্নয়নের ল্যাবরেটরি। এখান থেকেই তিনি সমবায় আর আধুনিক কৃষির স্বপ্ন দেখেছিলেন, যা আজও আমাদের সমবায় দর্শনের মূল ভিত্তি।”*

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ। স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বক্তারা পতিসরকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং কবির স্মৃতিকে ধারণ করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই পতিসর এলাকায় নামে মানুষের ঢল। পতিসরের আঁকাবাঁকা মেঠো পথ ধরে দূর-দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নাগর নদের তীর। কাচারি বাড়ির আমতলায় বসেছে বর্ণিল গ্রামীণ মেলা। মাটির পুতুল, নাগরদোলা আর লোকজ বাদ্যযন্ত্রের সুরে পতিসর যেন ফিরে পেয়েছে তার সেই পুরনো জমিদারি আমলের উৎসবমুখর মেজাজ।

 সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। কবির ‘আমাদের ছোট নদী’ থেকে শুরু করে পতিসরে বসে লেখা অসংখ্য কালজয়ী সৃষ্টি আজ নতুন করে প্রতিধ্বনিত হয় দেবেন্দ্র মঞ্চে।

উল্লেখ্য, প্রতি বছরই কবির জন্মদিনে নওগাঁর এই নিভৃত পল্লী পতিসর হয়ে ওঠে রবীন্দ্রভক্তদের তীর্থস্থান। ১৬৫তম

এই জন্মজয়ন্তী আগামী কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন