ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সামনে আসন্ন পবিত্র কোরবানি ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও গরু চোরাচালান ঠেকাতে লালমনিরহাট সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ১৫ বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সীমান্তে বিশেষ নজরদারি শুরু করেছে বিজিবি। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা মানব পাচারের চেষ্টা রোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে।
এদিকে সামনে পবিত্র কোরবানি ঈদকে কেন্দ্র করে গরু চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সন্দেহভাজন চলাচলের ওপর রাখা হচ্ছে কড়া নজর।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্তে আমাদের নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “১৫ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় যেন কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান সংঘটিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সচেতন করতে নিয়মিত মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে।”
বিকে/মান্নান

