দুর্গন্ধে অতিষ্ঠ রোগী
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের ছাদে মুরগির খামার
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:৪৩
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের ছাদে গড়ে উঠেছে একটি বাণিজ্যিক মুরগির খামার। হাসপাতালের এক আয়ার পরিচালিত এই খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে প্রসূতি বিভাগ, গাইনি ও বহির্বিভাগে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি রোগীদের দুর্ভোগও বাড়ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী
ও স্বজন অভিযোগ করেন, হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এমন খামার কোনোভাবেই গ্রহণযোগ্য
নয়। দুর্গন্ধের কারণে অনেকেই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। ছেলের চিকিৎসার জন্য
হাসপাতালে আসা আক্তার বলেন, পানি খাওয়ানোর জন্য কোয়ার্টারের পাশের টিউবওয়েলে গিয়েছিলাম।
সেখানে দাঁড়ানোই দায় হয়ে পড়েছিল। হাসপাতালে এমন পরিবেশ কল্পনাও করা যায় না। পথচারী
আব্দুস ছাত্তার বলেন, যেখানে মানুষ সুস্থ হতে আসে, সেখানে যদি দুর্গন্ধে শ্বাস নেওয়া
কঠিন হয় তাহলে সেটা খুবই দুঃখজনক। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
খোঁজ নিয়ে জানা গেছে, খামারটি পরিচালনা
করছেন হাসপাতালের আয়া পলি খাতুন। তিনি বিষয়টি স্বীকার করে বলেন, প্রায় এক মাস আগে তিনি
খামারটি চালু করেন। বর্তমানে সেখানে তিন শতাধিক ব্রয়লার মুরগি রয়েছে। বৃষ্টির কারণে
সাময়িকভাবে দুর্গন্ধ ছড়িয়েছে দাবি করে তিনি জানান, দ্রুত মুরগিগুলো সরিয়ে ফেলা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে খামারে মুরগি তুলেছিলেন।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা শারমিন আক্তার দাবি করেন, হাসপাতাল কোয়ার্টারে মুরগির খামার পরিচালনার বিষয়টি
তার জানা ছিল না। আগের কর্মকর্তার সময় ওই কোয়ার্টারে পলি খাতুনকে থাকার অনুমতি দেওয়া
হয়েছিল। খামারের বিষয়টি এখন জানতে পেরেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ
মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়ার
জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানও বিষয়টি দেখার আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি নজরে আনার জন্য
ধন্যবাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হবে।
বাংলাদেশের খবর/এম.আর

