ত্রিশালে পাঁচ দিনব্যাপী জাতীয় নজরুল জয়ন্তীর প্রস্তুতি
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:৪৭
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হল রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ২১ মে থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত মোট পাঁচদিনব্যাপী চলবে এই জাতীয় আয়োজন। এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে সমাপনী দিনে (২৫ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এবং জেলা পরিষদ প্রশাসক ইমরান সালেহ প্রিন্স।
দীর্ঘ প্রায় দুই যুগ পর ত্রিশালে এত বড়
পরিসরে জাতীয় পর্যায়ের এই আয়োজনকে সফল করতে সভায় মেলা প্রাঙ্গণ ও অনুষ্ঠানস্থলে নিরাপত্তা
ব্যবস্থা নিশ্চিতকরণ, কবির সৃষ্টিকে তুলে ধরতে মানসম্মত ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার
আয়োজন, জনভোগান্তি নিরসন ও দর্শনার্থীদের যাতায়াত সুগম করতে উন্নত যানবাহন ব্যবস্থাপনায়
বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রায় ২৪ বছর পর ত্রিশালে জাতীয় পর্যায়ের
এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নজরুল ভক্ত ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ
করছে। সংস্কৃতি মন্ত্রী তার বক্তব্যে বলেন, নজরুলের স্মৃতিধন্য এই জনপদে জাতীয় পর্যায়ের
এই অনুষ্ঠানটি হবে স্মরণকালের শ্রেষ্ঠ আয়োজন।
উপজেলা প্রশাসন জানায়, অনুষ্ঠান সফল করতে
প্রতিটি বিভাগকে সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়েছে এবং নিয়মিত তদারকির মাধ্যমে
সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
বাংলাদেশের খবর/এম.আর

