সীতাকুণ্ডে স্বাস্থ্য সেবা পেতে গর্ভবতী নারীদের দুর্ভোগ
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:৫৭
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ইউনিটের এফডব্লিউভি কক্ষকে ঘিরে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা গর্ভবতী নারীরা অভিযোগ করেছেন, কক্ষে দায়িত্বপ্রাপ্ত হাসিনা আক্তার নামে এক স্বাস্থ্য সহকারী তাদের সঙ্গে অসদাচরণ করছেন এবং অনেক ক্ষেত্রে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন।
জানা গেছে, কক্ষ নং- ১২-এ মূলত গর্ভবতী নারীরাই সেবা নিতে আসেন। কেউ আসেন এনসি কার্ড করাতে, কেউ আবার জন্মবিরতিকরণ সামগ্রী ও প্রয়োজনীয় অন্যান্য সেবা নিতে। তবে অভিযোগ রয়েছে, সেবা নিতে আসা অনেককেই নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী নিলুফা নামের এক নারী জানান,
তার জাতীয় পরিচয়পত্র পৌরসভার হলেও শ্বশুরবাড়ি মুরাদপুর ইউনিয়নে হওয়ায় তিনি এনসি কার্ডের
সেবা নিতে এলে তাকে সেবা না দিয়ে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য সহকারী
হাসিনা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, যারা আসছেন তাদের সেবা দেওয়া হচ্ছে। তবে পরিবার
পরিকল্পনা সেবা সামগ্রী না থাকায় তা বিতরণ করা সম্ভব হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, কক্ষের বাইরে দীর্ঘ
লাইনে দাঁড়িয়ে আছেন অসংখ্য গর্ভবতী নারী। অথচ তাদের বসার কোনো ব্যবস্থা নেই। দীর্ঘ
সময় দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক নারী অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা
পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহরাব হোসেনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা
করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে অভিযোগ উঠেছে, উপজেলার সৈয়দপুর,
কুমিরা, মুরাদপুর ও সোনাইছড়িসহ অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পরিবার পরিকল্পনার
প্রয়োজনীয় ওষুধ ও সামগ্রী মিলছে না। ফলে শত শত পরিবার প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভোগান্তি
আরও বাড়বে।
বাংলাদেশের খবর/এম.আর

