৫ মাস পর স্বাভাবিক হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি
রঞ্জিনা করিম খুশি, কুড়িগ্রাম
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:১৮
দীর্ঘ ৪ মাস ২৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কুড়িগ্রামের বহুল প্রত্যাশিত রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় পুনরায় এ রুটে ফেরি চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন,বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. নুরন্নবী।তারা জানান, আজ বৃহস্পতিবার রৌমারী ঘাট থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে। পরে ‘কুঞ্জলতা’ ফেরিও এ রুটের ট্রাফিকে যুক্ত হবে।
জানা গেছে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদের রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়। তবে চালুর পর থেকেই নাব্যতা সংকটের কারণে একাধিকবার ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ ছিল ফেরি চলাচল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ড্রেজিং কার্যক্রম পরিচালনার ফলে ফেরি চলাচলের দূরত্ব প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার কমে আসবে। এছাড়া আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের পরিকল্পনাও রয়েছে।
বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ বলেন, “ফেরি চালুর জন্য ঘাট এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকেই ফেরি চলাচল শুরু হবে।”
বিকে/মান্নান

