সীমান্তবর্তী উপজেলা পরশুরামে গত দুই বছরে পদায়নকৃত ৫ জন ইউএনও যোগদান করেননি। পদায়ন বা বদলি হওয়ার পরও কেন এ উপজেলায় আসতে চান না, সেটি নিয়ে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সর্বশেষ গত ৩ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোঃ মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরশুরামে ইউএনও হিসেবে রাঙামাটিয়ার বিলাইছড়ি উপজেলার ইউএনও হিসেবে হাসনাত জাহান খানকে পদায়ন করা হলেও তিনি যোগদান করছেন না বলে প্রশাসনিক একটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে পরশুরাম উপজেলায় একের পর এক ইউএনও পদায়ন করা হলেও যোগদান না করায় প্রশাসনিক কাজ ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। এসিল্যান্ড একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করায় কাজ করতে তাঁকে হিমশিম খেতে হয়।
এর আগে ২৭ এপ্রিল পরশুরাম উপজেলার ইউএনও হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়াকে পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি।
জানা গেছে, ২০২৫ সালের ১১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ইউএনও মোঃ মোশারফ হোসেনকে এ উপজেলায় পদায়ন করা হয়। পরশুরাম উপজেলায় যোগদানের মাত্র ১৯ দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ঢাকায় বিএসটিআইতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়।
২০২৫ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ রাবার বোর্ডের সহকারী পরিচালক রেজওয়ানা চৌধুরীকে পরশুরাম উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়। তবে একই দিন রাতে পূর্বের প্রজ্ঞাপন বাতিল করে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী তাহমিনা শারমিনকে এ উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। কয়েকদিন পরে জানা যায়, তিনি মাতৃত্বকালীন ছুটি নেবেন,যার কারনে বদলি বাতিল হয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর পরশুরাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে যান ২০২৩ সালের ২৪ আগস্টে যোগদানকৃত আফরোজা হাবিব শাপলা। ২০২৪ সালের ২৪ অক্টোবর তাঁকে সিলেটের রাজনগর উপজেলায় পদায়ন করা হয়। একই দিন লক্ষীপুর সদর উপজেলার ইউএনও আরিফুর রহমানকে পরশুরাম উপজেলায় পদায়ন করা হলে ২০২৫ সালের ২৪ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্য একটি প্রজ্ঞাপনে তাঁকে পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হলে ফুলগাজী উপজেলার ইউএনও ফাহরিয়া ইসলাম একই বছরের ১১ নভেম্বর পর্যন্ত পরশুরাম উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।
৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম শাফায়াত আখতার নূর। গত বছরের ১৫ ডিসেম্বরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাদিয়া সুলতানা ইউএনও হিসেবে যোগদান।
২০২৬ সালের ১৫ এপ্রিল সাদিয়া সুলতানাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হলে সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
একের পর এক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যোগদান না করায় পরশুরামের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও প্রশাসনকে নিয়ে নানা ধরনের ট্রল করছেন।
পরশুরাম সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মজুমদার মিলন বলেন, যোগদান না করার কারন কি?হরহামেশাই এগুলো দেখছি,এই পদায়ন করেছে, এই আবার তারা যোগদান করছেনা!
চাকুরিজিবী জসিম উদ্দিন চৌধুরী বলেন, আমাদের অবস্থা উগান্ডা, নাইজেরিয়া থেকেও কি খারাপ হয়েছে? কেন সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে না। এটা লজ্জা এবং মারাত্মক আশংকাও বটে।
ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজের প্রভাষক জাকির হোসাইন বলেন, সরকারি আদেশ প্রতিপালিত হয় না এতে বোঝা যায় প্রশাসন দুর্বল। দুর্বল প্রশাসনকে ঢেলে সাজানো জরুরী হয়ে পড়েছে।
বিকে/মান্নান

