কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় সচল আগ্নেয়াস্ত্রসহ মোঃ সেলিম (২৮) নামের এক ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।আসামির বিরুদ্ধে পূর্বের আরও ৯টি অপরাধমূলক মামলা রয়েছে। রোববার বিকেল ও রাতে পৃথক স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার ও অস্ত্র-মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রামু থানার অফিসার
ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে
অভিযান চালিয়ে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপির রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
বিপরীতে আবুর দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী সেলিমকে আটক করা হয়। এ সময় তার হেফাজত
থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের
একপর্যায়ে সেলিম নিজের কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তিতে
ফতেখাঁরকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাইট্টা পোল নামক ব্রিজের পশ্চিম পাশের পিলারের নিচে
অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা অবস্থায় একটি সচল দেশীয় একনলা বন্দুক (বাটসহ
দৈর্ঘ্য ৪৮ ইঞ্চি, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত) জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত সেলিম ওই
অঞ্চলের একজন চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন
এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল। সেলিম রামুর
৫নং ফতেখাঁরকুল ইউপির ২নং ওয়ার্ডের মধ্যম মেরুংলোয়া এলাকার নুরুল হক ও রেহানা আক্তারের
ছেলে। বর্তমানে সে খুনিয়াপালং ইউনিয়নের পাইনবাগান এলাকায় বসবাস করছিল।
পুলিশ জানায়, সেলিমের বিরুদ্ধে রামু ও
কক্সবাজার সদর থানায় পূর্বের ৯টি গুরুতর মামলা রয়েছে। যার মধ্যে ডাকাতির প্রস্তুতি,
ছিনতাই, চুরি, মারামারি ও হত্যাচেষ্টা মামলাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং আইন-শৃঙ্খলা
বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশের খবর/এম.আর

