Logo

সারাদেশ

বৈরি আবহাওয়ায় শ্রীপুরের লিচু বাগানে ক্ষতির শঙ্কা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ২০:০৯

বৈরি আবহাওয়ায় শ্রীপুরের লিচু বাগানে ক্ষতির শঙ্কা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত কয়েক দিন ধরে ধাপে ধাপে বৃষ্টি হওয়ায় লিচু বাগান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মৌসুমের শেষ সময়ে টানা বৃষ্টিতে গাছে থাকা পাকা লিচু ফেটে যাওয়া, কালচে হয়ে নষ্ট হওয়া এবং ঝড়ো বাতাসে কাঁচা লিচু ঝরে পড়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাগান মালিকরা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছিল। তবে কয়েক দিনের বৃষ্টিতে অনেক বাগানে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। অতিরিক্ত আর্দ্রতায় ছত্রাক ও পোকার আক্রমণও বাড়ছে বলে দাবি তাদের।

তেলিহাটি ইউনিয়নের একাধিক বাগান মালিক জানান, টানা বৃষ্টিতে অনেক লিচু ফেটে যাচ্ছে। কিছু লিচু গাছেই কালচে হয়ে নষ্ট হচ্ছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

লিচু ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কমে গেছে। পাশাপাশি বাগান থেকে লিচু সংগ্রহ ও বাজারজাত করতেও বাড়তি খরচ হচ্ছে। কাঁচা সড়কে কাদা জমে যাওয়ায় পরিবহনেও ভোগান্তি বাড়ছে।

শ্রীপুর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টিতে লিচুর কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন