নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল করায় যুবলীগের ৫ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২০:২৮
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক। এর আগে গত ৫ জুন শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডেমরা সড়কে যুবলীগ নেতা লিটন আহমেদ ওরফে গুজা লিটনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল করে তারা। গ্রেপ্তারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার ইউসুফ আলির ছেলে জীবন (৩৪), সুমিলপাড়ার আক্কাস আলির ছেলে মো. আলম (৩৩), রওশন আলির ছেলে সোহেল (৪৪), গোদনাইল পূর্ব এনায়েত নগর এলাকার আব্দুল মান্নানের ছেলে আয়নাল মিয়া (৪৫) ও জানে আলমের ছেলে জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৪৫)।
পুলিশ জানায়, গত ৫ মে দুপুর ১২ টা ৫০ মিনিট থেকে ১ টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে যুবলীগের ব্যানারে ১৫ থেকে ২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি ডেমরা অংশ থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এসে শেষ করা হয়। এর পর থেকে মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করতে তৎপরাতা শুরু করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়া ভিডিও চিত্র থেকে তাদের চিহ্নিত করা হয়। পরে তাদের গ্রেফতারে অভিযান শুরু করে পুরিশ। একই দিন বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকা সুমিলপাড়ার যুবলীগ নেতা লিটন ওরফে গুজা লিটনসহ অন্যদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, গ্রেফতার ৫ জনই গত ২০২৪ সালে জুলাই মাসের বৈষম্য বিরোধী আন্দলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টায় দায়ের করা একাধিক মামলার এজাহার নামীয় আসামি। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিকে/মান্নান

