Logo

সারাদেশ

কর্মবিরতিতে চমেক হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:০৪

কর্মবিরতিতে চমেক হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)এ ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। দ্বিতীয় দিনের মতো চলমান এই কর্মসূচিতে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সোমবার সকাল ৮টা থেকে পূর্বঘোষিত ছয় দফা দাবির ভিত্তিতে ইন্টার্ন চিকিৎসকরা কাজ বন্ধ রাখেন। একই সঙ্গে ট্রেইনি চিকিৎসকরাও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সকাল ১১টায় হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯ মে ২০২৬ তারিখের এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমমান করা, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি ২০২৫ অধ্যাদেশ কার্যকর করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

এর আগে ৩ জুন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দাবি উত্থাপন করে। এরপর ৪ ও ৬ জুন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ৭ জুন থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। কর্মবিরতির কারণে হাসপাতালের জরুরি ও সাধারণ সেবা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। বিশেষ করে বহির্বিভাগে আসা রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

আন্দোলনরত চিকিৎসক নেতারা জানিয়েছেন, সরকারের সংশ্লিষ্ট মহল দ্রুত আলোচনায় না এলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে। প্রয়োজনে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও এতে যুক্ত হতে পারেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন