Logo

সারাদেশ

রসালো লিচুর সমারোহে মুখরিত ঈশ্বরদী

Icon

এস এম রাজা, ঈশ্বরদী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২০:৫৭

রসালো লিচুর সমারোহে মুখরিত ঈশ্বরদী

বছর ঘুরে জ্যৈষ্ঠ মাস এলেই  নব রূপে সেজে ওঠে এক নামে বিশ্ব ব্যাপী পরিচিত  ঈশ্বরদী। চারদিকে পাকা রসালো লিচুর সমারোহে মুখরিত হয়  গ্রামবাংলার প্রকৃতি। লিচুর মৌসুমকে ঘিরে এখানকার বাড়ি-ঘরে তৈরি হয় উৎসবের আমেজ, আত্মীয়স্বজনের আগমন আর পারিবারিক মিলনমেলায় আলাদা মাত্রায় প্রাণ ফিরে পায় বহুল পরিচিত এই জনপদ।

জৈষ্ঠ মাসের শুরু থেকে  শেষ  পর্যন্ত প্রায় এক মাস ধরে চলে দেশি, বোম্বাইসহ বিভিন্ন জাতের লিচু সংগ্রহ, বাছাই, গণনা ও বাজারজাতকরণের ব্যস্ততা। এ সময় লিচু বাগানগুলো হয়ে ওঠে মানুষের পদচারণায় মুখর। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন অনেক বেশি হওয়ায় আনন্দের মাত্রাও বেড়েছে কয়েকগুণ।

 বাগান মালিক মোঃ আলমগীর  জানান, লিচুর মৌসুম এলেই দেশের বিভিন্ন এলাকা থেকে আত্মীয়স্বজনরা ঈশ্বরদীতে ছুটে আসেন। বাগান ঘুরে দেখা, গাছ থেকে নিজ হাতে লিচু পাড়া এবং টাটকা লিচুর স্বাদ নেওয়া যেন এ অঞ্চলের এক বিশেষ ঐতিহ্য ও বৈশিষ্ট্য । অতিথিদের লিচু দিয়ে আপ্যায়নের পাশাপাশি বিদায়ের সময় উপহার হিসেবেও লিচু দেওয়ার প্রচলন রয়েছে এখানে ।

লিচু সংগ্রহের সময় পরিবারের সদস্যরা একসঙ্গে বাগানে কাজ করেন। লিচু পাড়া, বাছাই, গণনা ও প্যাকেটজাত করার পাশাপাশি সবাই মিলে লিচু খাওয়ার আনন্দ ভাগাভাগি করেন। এ উপলক্ষে অনেক পরিবারে বিশেষ খাবার ও পিঠার আয়োজনও করা হয়।

ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের লিচুচাষি আব্দুল হামিদ বলেন, আমাদের এলাকার প্রধান অর্থকরী ফসল লিচু। লিচুর মৌসুম এলেই বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হয়। আত্মীয়স্বজনরা বেড়াতে আসেন, সবাই মিলে আনন্দ করি। নবান্ন উৎসব যেমন ধানকে ঘিরে, তেমনি ঈশ্বরদীতে লিচুর মৌসুমও এক ধরনের উৎসবে পরিণত হয়েছে।

লিচু চাষে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মণ্ডল বলেন, এবারের বাম্পার ফলনে কৃষকরা খুবই আনন্দিত। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ লিচু বাগান দেখতে আসছে। অনেকেই লিচু উৎপাদন ও বিপণন কার্যক্রম কাছ থেকে দেখছেন। প্রতিটি পরিবারেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

লিচু বাগান মালিক ও শিক্ষক হুমায়ুন কবির তরুণ বলেন, এখন পুরো ঈশ্বরদী যেন লিচুময়। ভালো ফলনের কারণে কৃষক ও বাগান মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। লিচুকে কেন্দ্র করে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের মিলনমেলা তৈরি হয়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার  আব্দুল মমিন জানান, এ বছর উপজেলায় প্রায় ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে ফলনও বেশ ভালো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাম্পার ফলনের ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে।

লিচুর সুগন্ধ, আত্মীয়তার বন্ধন আর কৃষকের মুখের হাসি সব মিলিয়ে জ্যৈষ্ঠের ঈশ্বরদী এখন এক আনন্দময় উৎসবের জনপদ।

বিকে/মান্নান








Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন