Logo

সারাদেশ

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২০:০৯

স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তরিকতার  সঙ্গে কাজ করতে হবে

নারায়ণগঞ্জ সরকারি জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্ধোধন করতে এসে অধিকাংশ চিকিৎসক, নার্স ও কর্মীদের উপস্থিতি না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি।  রোববার সকালে নির্ধারিত সময়ের আগেই নীরবে হাসপাতালে পৌঁছে মন্ত্রী দায়িত্বশীলদের অনুপস্থিতি ও বিভিন্ন প্রশাসনিক অসংগতি দেখতে পান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মন্ত্রী হাসপাতালে প্রবেশ করে উপস্থিতির তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের একেক করে নাম ধরে ডাকতে শুরু করেন। তখন অনেকের অনুপস্থিতি ও প্রশাসনিক অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী হাসপাতাল পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। তখন সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবায় কোনো ধরণের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। হাসপাতাল পরিদর্শন শেষে নবনির্মিত আইসিইউ বেডের উদ্ধোধন করেন মন্ত্রী। 

নারায়ণগঞ্জ জেজলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকারের এ উদ্যোগের ফলে জেলার শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ এলাকাতেই উন্নতমানের চিকিৎসাসেবা পাবেন। গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন কমবে। তিনি বলেন, হাসপাতালের প্রতিটি ইউনিটে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হয়েছে।   

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেলা পর্যায়ে আধুনিক সংকটাপন্ন চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি জরুরি পরিস্থিতি ও সম্ভাব্য মহামারি মোকাবিলায় সক্ষমতা বাড়বে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি ইআরপিপি প্রকল্পের লক্ষ্য হলো স্বাস্থ্যখাতে জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং মহামারিসহ বিভিন্ন দুর্যোগে প্রস্তুতি জোরদার করা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রমুখ।

বিকে/মান্নান


 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন