Logo

সারাদেশ

গরমে সিরাজগঞ্জে তালের শাঁসের চাহিদা বেড়েছ

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২০:২৯

গরমে সিরাজগঞ্জে তালের   শাঁসের চাহিদা বেড়েছ


প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবনের মাঝে সিরাজগঞ্জে মৌসুমি ফল তালের শাঁসের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় তালের শাঁস বিক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্বস্তিদায়ক ও পুষ্টিগুণসমৃদ্ধ এই প্রাকৃতিক খাদ্য গরমের দিনে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন, এসএস রোড, ধানবান্ধি, রেলগেট, মিরপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় ছোট ছোট ভ্যান, ঠেলাগাড়ি ও অস্থায়ী দোকানে কচি তালের শাঁস বিক্রি করতে দেখা যায়। প্রতিটি শাঁস ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে।

স্থানীয়দের মতে, শ্রমজীবী মানুষ, রিকশা ও ভ্যানচালক, শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গরমে শরীর ঠান্ডা রাখতে এবং তাৎক্ষণিক প্রশান্তি পেতে তালের শাঁস কিনে খাচ্ছেন।

মিরপুর এলাকার স্কুলশিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “গরমের দিনে অন্যান্য খাবারের চেয়ে তালের শাঁস খেতে আমার বেশি ভালো লাগে। এটি সুস্বাদু, প্রাকৃতিক এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।”

একই এলাকার গৃহিণী রোকসানা খাতুন বলেন, “বাচ্চাদের জন্য প্রায়ই তালের শাঁস কিনে নিয়ে যাই। এটি স্বাস্থ্যকর এবং গরমে শরীরের জন্য উপকারী।”

তালের শাঁস বিক্রেতা জরিফ হোসেন ও জুড়ান আলী জানান, গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের বিক্রিও বেড়েছে। তারা প্রতিদিন ভোরে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে তাল সংগ্রহ করে শহরে নিয়ে আসেন। আগে যেখানে দিনে ২০০ থেকে ৩০০টি শাঁস বিক্রি হতো, বর্তমানে প্রতিদিন ৬০০ থেকে ৭০০টি শাঁস বিক্রি হচ্ছে।

তারা আরও জানান, “গরম যত বাড়ছে, তালের শাঁসের চাহিদাও তত বাড়ছে। বর্তমানে ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে।সিরাজগঞ্জের চিকিৎসক ডা. আকরামুজ্জামান বলেন, “তালের শাঁসে প্রচুর পরিমাণে পানি, খনিজ লবণ ও বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। এটি শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে এবং গরমের সময় শরীরকে সতেজ রাখে। তবে অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রি হওয়া খাদ্য গ্রহণ করা উচিত।এদিকে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে তালের শাঁসের চাহিদা ও বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা। প্রাকৃতিকভাবে শরীরকে শীতল রাখার অন্যতম সহজলভ্য উপায় হিসেবে তালের শাঁস গরমের মৌসুমে সিরাজগঞ্জবাসীর কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন