Logo

সারাদেশ

আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২০:০৫

আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি

বিশ্ব বরেণ্য সঙ্গীতাচার্য, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর হাতে গড়া সঙ্গীত প্রতিষ্ঠান দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সংগীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থীসহ শহরের বিশিষ্টজনেরা এতে অংশগ্রহণ করেন।

এসময় দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আহবায়ক সাবেক পিপি অ্যাডভোকেট সফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়তের আমির মোবারক হোসেন আখন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমূখ।

বক্তারা বলেন, উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সঙ্গীতের মহাপুরুষ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন। সেখানে তিনি সঙ্গীত চর্চার জন্য দি আলাউদ্দিন সংগীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন সহায়তায় পরিচালিত হচ্ছে।

তবে সম্প্রতি একটি মহল মিথ্যা তথ্য দিয়ে মামলা ও জাল দলিল করে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করছে যা অত্যন্ত নিন্দনীয়। কোনো ভাবেই ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি কাউকে দখলের সুযোগ দেয়া হবে না। যে কোনো মূল্যে ভূমি খেকোদের রুখে দেয়া হবে। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন