Logo

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে

‘রিজিওনাল ট্রেনিং কোর্স অন ইন্ডাস্ট্রিয়াল সেফটি’ উদ্বোধন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২০:৩৪

‘রিজিওনাল ট্রেনিং কোর্স অন ইন্ডাস্ট্রিয়াল সেফটি’ উদ্বোধন

চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার রিজিওনাল ট্রেনিং কোর্স অন ইন্ডাস্ট্রিয়াল সেফটি’শীর্ষক দুই সপ্তাহব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত গ্লোবাল পোর্টস সেফটি প্রকল্পের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এস.ই. জঁ-মার্ক সেরে-শার্লেটে। প্রশিক্ষণ কর্মসূচিতে ফ্রান্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, শিল্প নিরাপত্তা বিষয়ক এ প্রশিক্ষণ সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে ভবিষ্যতেও চট্টগ্রাম বন্দরে এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ফ্রান্সের রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে শিল্পঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণের সার্বিক সফলতা কামনা করেন।

বিশিষ্ট শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভি -এর পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণে আধুনিক ও উচ্চক্ষমতাসম্পন্ন কনটেইনার টার্মিনাল, তরল হাইড্রোকার্বন ডিপো, তেল ও গ্যাস অপারেশন এবং রাসায়নিক সংরক্ষণাগার সংশ্লিষ্ট জটিল ঝুঁকি মোকাবিলার উন্নত কৌশল শেখানো হবে।

প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে উন্নত পরিস্থিতির মডেলিং, যেখানে ইউরোপীয় কমিশনের ADAM সফটওয়্যার এবং INERIS-এর PRIMARISK প্ল্যাটফর্ম ব্যবহার করে পুল ফায়ার, বিষাক্ত গ্যাস নিঃসরণ ও বিস্ফোরণের মতো বড় শিল্প দুর্ঘটনার সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ এবং নিরাপদ দূরত্ব নির্ধারণের কৌশল শেখানো হবে।

এছাড়া স্থানীয় তেল টার্মিনাল ও ডিপোতে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বাস্তব ঝুঁকি চিহ্নিতকরণ এবং কার্যকর নিরাপত্তা সুপারিশ প্রণয়নের সুযোগ থাকবে। একই সঙ্গে Globally Harmonized System (GHS), জাতিসংঘের প্রাসঙ্গিক বিধিমালা এবং International Maritime Dangerous Goods (IMDG)-এর আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড সম্পর্কেও বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকরা জানান, আঞ্চলিক সামুদ্রিক খাতের জনবলের কারিগরি দক্ষতা বৃদ্ধি, শিল্প দুর্ঘটনা প্রতিরোধ, জরুরি পরিস্থিতি মোকাবিলা সক্ষমতা জোরদার এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে আরও নিরাপদ রাখাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আধুনিক সফটওয়্যারভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ, শিল্প দুর্ঘটনা প্রশমন, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন, যা বিশেষ করে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় ও উপবিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান মো. আবদুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর সাঈদ ইমাম।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন