Logo

সারাদেশ

বন্যা-পাহাড়ধসের ঝুঁকিতে কক্সবাজারে মানবিক সহায়তায় আনসার-ভিডিপি

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৯:৪৭

বন্যা-পাহাড়ধসের ঝুঁকিতে কক্সবাজারে মানবিক সহায়তায় আনসার-ভিডিপি

টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কক্সবাজারজুড়ে মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, পানিবন্দী মানুষ উদ্ধার, সচেতনতামূলক মাইকিং, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর মতো বহুমুখী কার্যক্রম পরিচালনা করছেন।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে দলনেতা সাইফুল ইসলামের নেতৃত্বে বালুখালী ও পালংখালী এলাকার পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে সম্ভাব্য বন্যাকবলিত এলাকার তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে ইউনিয়ন আনসার কমান্ডার মো. নুরুল আমিনের নেতৃত্বে ভিডিপি সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে পানিবন্দী মানুষকে সতর্ক করছেন এবং আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে আটকে পড়া মানুষকে উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

পেকুয়া উপজেলায় ইউনিয়ন দলনেতা মো. শফিউল আজমের নেতৃত্বে সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এবং মাইকিংয়ের মাধ্যমে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার সুফাইদা ইয়াসমিন সিলছড়ি ইউনিয়নের পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সচেতন করছেন। এছাড়া টৈটং ইউনিয়নের আনসার কমান্ডার ও দলনেত্রী হামিদা বেগম এবং বারবাকিয়া ইউনিয়নের দলনেত্রী হাসিনা বেগমও স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে সহায়তা করছেন।

চকরিয়া উপজেলায় আনসার কোম্পানি কমান্ডার মোক্তার আহমদ, দলনেত্রী তছলিমা জান্নাত, দলনেতা নুরুল আবছার এবং ইউনিয়ন আনসার কমান্ডার মো. শাহা জাহানসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা বন্যা ও পাহাড়ধসপ্রবণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, নৌকাযোগে উদ্ধার অভিযান পরিচালনা, সড়কে পড়ে থাকা গাছ ও মাটি অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করছেন। স্থানীয়দের কাছে তাদের এই মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।

মহেশখালী উপজেলায় ইউনিয়ন দলনেতা মো. আলমগীর, মো. জসিম উদ্দিন এবং ওয়ার্ড দলনেতা নুর মোহাম্মদের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সদস্যরা পাহাড়ি ও পানিবন্দী এলাকার মানুষ এবং গৃহপালিত পশু নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্বাসনে সহযোগিতা, সড়ক থেকে উপড়ে পড়া গাছ অপসারণ, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কীকরণ এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দুর্যোগকালীন মানবিক দায়িত্ব পালনে বাহিনী সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজারে চলমান এ কার্যক্রম প্রমাণ করে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংকটময় সময়ে মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় আনসার-ভিডিপি একটি নির্ভরযোগ্য ও কার্যকর জননিরাপত্তা বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন