Logo

সারাদেশ

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২০:২৯

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালানো  নারী আসামি ফের গ্রেপ্তার


মাদারীপুর সদর মডেল থানার গ্রিল ভেঙে   পালিয়ে যাওয়া সে-ই নারী আসামিকে  ঢাকার কেরাণীগঞ্জ থেকে ফের  গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

ফের গ্রেপ্তার হওয়া আসামি হাসিনা বেগম (৩৫) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগম নামে এক নারীকে আটক করে সদর মডেল থানাধীন ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান।

পরে তাকে মাদারীপুর সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মূল থানা ভবনটি নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম চলমান রয়েছে। সেখানে আসামিদের জন্য কোনো হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়। পরে রাত দেড়টার দিকে সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।

পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) রমজান আলী সজল ও এক কনস্টেবলকে পরদিন শুক্রবার প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামি হাসিনা বেগমের থানা থেকে পালানোর ঘটনায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে এ ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে পালিয়ে যাওয়া আসামিকে মাদারীপুর সদর থানা পুলিশ ফের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে। পরে আসামিকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন