Logo

সারাদেশ

ফেনীর ফুলগাজীতে ভারতীয় কাপড়সহ পিকআপ ও মোটরসাইকেল জব্দ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২০:৪৪

ফেনীর ফুলগাজীতে ভারতীয় কাপড়সহ  পিকআপ ও মোটরসাইকেল জব্দ

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে স্থানীয় জনগণের সাহসিকতা ও তৎপরতায় বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কাপড় বোঝাই একটি পিকআপ ভ্যান ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পরিস্থিতির বেগতিক দেখে কাপড়ের চালানের সাথে থাকা অ্যাম্বুলেন্স, পিকআপের চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।  শনিবার রাতে আনন্দপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও হাসানপুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ পরিবহনের (নেত্রকোনা-ন-১১-০০৭৪) ফেনীগামী একটি পিকআপ ভ্যান ও একটি অ্যাম্বুলেন্সের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন স্থানীয় যুবকেরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পলাশ, আনন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহি সহ স্থানীয় এলাকাবাসী গাড়ি দুটি আটক করার চেষ্টা করেন।

উপস্থিত জনতার টের পেয়ে অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে যায়। অপরদিকে, ভারতীয় কাপড় বোঝাই পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করেন। পরে আনন্দপুর ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে হাসানপুর মসজিদের সামনে জনতা পিকআপটি ঘেরাও করে আটকে ফেলে। এ সময় চালক ও হেলপার পিকআপটি রেখেই কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে জনতা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জব্দকৃত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি ফুলগাজী থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতার সহায়তায় জব্দকৃত পিকআপ ভ্যানে প্রাথমিক তল্লাশি চালিয়ে চোরাই পথে আনা ২০ গাইট ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। মালমালগুলো গণনা ও পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে এর প্রকৃত পরিমাণ ও সঠিক বাজারমূল্য নির্ধারণ করা সম্ভব হবে। জব্দ করা মোটরসাইকেলটিও বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত পলাতক চালক, হেলপার ও চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন