গোপালগঞ্জে পিতাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২১:১৬
গোপালগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় জন্মদাতা পিতাকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ঘাতক ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সামছুল হক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আলীম কাজী (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ (কাজীর বাজার) গ্রামের মৃত ইসমাইল কাজীর ছেলে।
মামলার বিবরণী অনুযায়ী, সাজাপ্রাপ্ত আলীম কাজী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় তিনি মাদক সেবন করে বাড়িতে এসে বিশৃঙ্খলা ও ভাঙচুর শুরু করলে তার বাবা ইসমাইল কাজী তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলীম তার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান।
এর পরদিন ১৩ মে সকালে ইসমাইল কাজী বাড়ির পাশে আখের রস বিক্রির উদ্দেশ্যে আখ পরিষ্কার করছিলেন। এ সময় আলীম কাজী একটি ধারালো বটি নিয়ে এসে আকস্মিকভাবে তার বাবার গলায় সজোরে কোপ দেন। এতে ইসমাইল কাজীর শ্বাসনালী কেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ আসামী আলীম কাজীকে পেনাল কোডের ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিকে/মান্নান

