Logo

সারাদেশ

ঢাকা আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ১

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২০:১৭

ঢাকা আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ   হারিয়ে বাস খালে, নিহত ১


মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। 

রবিবার সকাল ৮টার দিকে শিবালয়ের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় নিহত দেলোয়ার হোসেন (৫০) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান স্থানীয়রা।তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ডাকঘরের ফুলহারা গ্রামের বাসিন্দা।

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সেলফি পরিবহনের বাসটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আরেকটি বাসকে ওভারটেক করার সময় চাকা ফেটে যাওয়া এবং বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের একটি খালে পড়ে যায়। 

এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের বাসটির সামনের চাকা ফেটে যায়। সেসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজন যাত্রীর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিবে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন