চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতনিসহ তিন জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৫৮
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে দাদি ও নাতনি আছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টায় সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই এলাকার ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি আশা খাতুন (৩৫) এবং হাসিনা বেগমের নাতনি শাহরিয়ার মিম (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসিনা বেগম লোহার মইয়ে ছাগলের জন্য পাতা বাঁধতে যান। তবে মইটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। মইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে আশা খাতুন ও মিম এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশের খবর/আরইউ

