Logo

সারাদেশ

বাগেরহাটে একই পরিবারের ৩ সদস্যের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৪:৫৮

বাগেরহাটে একই পরিবারের ৩ সদস্যের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় দুই নারীসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। সম্ভাব্য দুই-তিনটি কারণ ধরে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সকালে কচুয়া থানায় নিহত মনিরা বেগমের বড় ছেলে ফয়সাল হাওলাদার বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেন। 

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের বাড়ি থেকে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন, আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম মনি (৬০), ছেলে আহাদ আলী হাওলাদার (২৫) এবং শাশুড়ি রাশিদা বেগম (৯৩)।

এর মধ্যে বৃদ্ধা রাশিদা বেগম কয়েকদিন আগে তার মেয়ে মনিরার বাড়িতে বেড়াতে আসছিলেন। আহাদ আলী পেশায় ছিলেন ইলেকট্রিক মিস্ত্রী।

নিহতের স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওয়তায় আনতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

মনিরার বোনের মেয়ে মিমি বেগম বলেন, আমার নানু রাশিদা কয়েকদিন আগে খালার বাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে খালাতো ভাই আমাদের ফোন দিয়ে বলে নানি মারা গেছেন। তখন আমি নানির খবর জানতে মনিরা খালাকে ফোন দিতে থাকি কিন্তু তিনি তিন দিন ধরে ধরেননি। সকালে খালার বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি এক রুমে নানু, আরেক রুমে খাটের নিচে খালামনি আর খাটের উপর খালাতো ভাই মৃত অবস্থায় পড়ে আছেন।

তিনি বলেন, তাদের সঙ্গে কারও বিরোধ আছে কিনা, কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তা বলতে পারছি না। ঘরে খালামনির টাকা-পয়সা ছিল। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে; যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার দাবি করছি।

এদিকে বুধবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান।

তিনি বলেন, কচুয়ায় একই পরিবারের তিনজন খুনের ঘটনায় ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার ও হত্যার কারণ নিশ্চিত হতে পারিনি। তবে সম্ভাব্য দুই তিনটি কারণ ধরে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কাজ শুরু করেছে। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন