সুনামগঞ্জে সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ডাম্প ট্রাক
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২০:০৪
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বোকা নদীর সেতুর রেলিং ভেঙে একটি খালি ডাম্প ট্রাক ঝুলে আছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
রোববার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেওয়ার পর ট্রাকটি এ অবস্থায় আটকে যায়।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাওয়ায় পথে বোকা নদীর উপর থাকা সেতু পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের এক পাশ থেকে অন্য পাশে চলে যায় খালি ডাম্প ট্রাকটি সেতুর রেলিং ভেঙে ট্রাকটির সামনের অংশ সেতুর বাইরে ঝুলে পড়ে। বাকি অংশ সেতুর কাঠামোর সঙ্গে আটকে থাকে। তবে সেতুর ওপর যান চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা থাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঝুলে থাকার দৃশ্য দেখতে সকালে সেতু এলাকায় স্থানীয়দের ভিড় দেখা যায়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান,ট্রাকটি খালি থাকায় সেতুর কাঠামোর সঙ্গে আটকে আছে। তবে ট্রাকটিতে মালামাল থাকলে সেটি নদীতে পড়ে যেতে পারত।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোতালেব বলেন,সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা থাকায় দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকটি নিরাপদে সরিয়ে নিতে ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে।
বিকে/মান্নান

