Logo

সারাদেশ

ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, সরকারি অফিসে তালা

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৭

ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, সরকারি অফিসে তালা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার দুপুরে ইউএনও কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি ও ছাত্রদল।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে ভুক্তভোগী সাধারণ আবেদনকারীরাও অংশ নেন। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করেন। পরে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়, সমাজসেবা কার্যালয়, শিক্ষা অফিস ও এলজিইডির প্রধান ফটকেও তালা লাগিয়ে দেন। সেখানে তারা অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অনৈতিক আর্থিক লেনদেন ও অনিয়মের মাধ্যমে অন্যায্যভাবে অন্যান্য দলের নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার বিতর্কিত ফলাফল বাতিল ও সংশ্লিষ্ট দুই কর্মকর্তার অপসারণ করা না হলে উপজেলার সব সরকারি কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। স্বাধীন দেশে যে কেউ দাবি-দাওয়া জানাতেই পারে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। বিকেল তিনটা পর্যন্ত অফিসগুলোর তালা না খোলায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন