Logo

সারাদেশ

বগুড়ার শেরপুরে গাছ মালিকের বিরুদ্ধে মামলা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২০:৫২

বগুড়ার শেরপুরে গাছ মালিকের   বিরুদ্ধে মামলা

“যেখানে ডালপালায় খেলা করত কোমল হাওয়া, আর পাতার খাঁজে সুর তুলত ডানার ঝাপটানি, আজ সেখানে শুধুই ধ্বংসের স্তূপ আর অবোধ্য আর্তনাদ।” এমন এক ঘটনায় মা পাখিদের করুন আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে গেছে বগুড়ার শেরপুরের রামনগর গ্রামে। সেই গ্রামের গাছের মালিকের নির্মম কুঠারের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে সহস্র ডানার স্বপ্ন। গাছ কাটার নিষ্ঠুর তোড়ে মাটিতে লুটিয়ে পড়েছে পরিযায়ী শামুকখোল পাখির শত শত নীড়; নিমেষেই প্রাণ হারিয়েছে উড়তে না শেখা অবুঝ ছানার দল, ভেঙে গুঁড়িয়ে গেছে আগামীর সম্ভাবনা-পাখির ডিম।

যে রামনগর গ্রাম এতদিন হাজারো শামুকখোলের কলকাকলিতে মুখরিত এক নিরাপদ স্বর্গরাজ্য ছিল, এক নিমেষেই তা পরিণত হলো এক রক্তাত শুশ্রুষাহীন প্রান্তরে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মর্মান্তিক দৃশ্যের রক্তক্ষরণ ছড়িয়ে পড়তেই বিবেক দংশিত হয় সবার, টনক নড়ে বন বিভাগেরও। এতে পরিযায়ী শামুকখোল পাখির কয়েকশ ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বগুড়ার শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে গত ৮ আগস্ট সকালে ¯’ানীয় বাসিন্দা মো. আজাহার আলী তাঁর সম্পত্তির জলপাই ও পিতরাজসহ ৭টি বড় গাছ জনৈক এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ওই ব্যবসায়ী গাছগুলো

কাটার সময় মগডালে থাকা পরিযায়ী শামুকখোল পাখির কয়েকশ বাসা ছিঁড়ে মাটিতে

পড়ে যায়। এতে উড়তে না শেখা অসংখ্য পাখির ছানা মারা যায় এবং বিপুল পরিমাণ ডিম নষ্ট হয়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শেরপুর এসএফএনটিসি-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে থানায় এই অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ধারা অনুযায়ী অপরাধ করেছেন। স্থানীয়রা জানান, রামনগর গ্রামটি দীর্ঘ সময় ধরে পরিযায়ী পাখিদের নিরাপদ অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। সেখানে প্রায় ৫শ বড় গাছে দেড় থেকে দুই হাজার শামুকখোল পাখির বসবাস। কাঠুরের নিষ্ঠুর করাতে যখন একের পর এক শতবর্ষী ডালপালা মাটিতে আছড়ে পড়তে শুরু করে, তখন মগডালে আশ্রিত পাখিদের রাজ্য মুহূর্তে ছারখার হয়ে যায়। অবুঝ ছানাগুলোর আকুল চিৎকার ভেসে যায় বাতাসের হাহাকারে। প্রজনন মৌসুমে এমন নিষ্ঠুর ধ্বংসযজ্ঞে পুরো এলাকার পরিবেশবাদী ও সাধারণ মানুষ মর্মাহত।

আইনি বিচার যাই হোক না কেন, রামনগরের বাতাসে ছড়িয়ে থাকা সেই মাতৃহীন ছানাগুলোর না বলা হাহাকার হয়তো আরও বহুদিন এ জনপদের বিবেককে দংশন করে যাবে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন