গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৭:০৭
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ সদরে ডাম্প ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম বলেন, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি বাস বৌলতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে । এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহত হন অন্তত ২০ জন।
তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশের খবর/আরইউ

